শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
“গাজীপুর জেলা পরিষদের উপসহকারী প্রকৌশলী মো: রফিকুল ইসলামকে জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ”
সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদ মাধ্যমে “গাজীপুর জেলা পরিষদে চেয়ার আঁকড়ে থাকা লুটেরা সিন্ডিকেটের খুটি রফিকুল ইসলাম” শিরোনামে প্রকাশিত মনগড়া ও কাল্পনিক প্রতিবেদনের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। উক্ত প্রতিবেদনে আমাকে (মো: রফিকুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী) জড়িয়ে “লুটেরা সিন্ডিকেটের খুঁটি”, “দুর্নীতির দায়ে বিদায় নেওয়া” এবং “ঠিকাদারি নিয়ন্ত্রণ ও প্রশাসনকে চাপে রাখা” সংক্রান্ত যেসকল দাবি করা হয়েছে, তা সম্পূর্ণ অসত্য, বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত।
প্রকৃত সত্য এই যে, একজন সরকারি কর্মকর্তা হিসেবে আমি সর্বদা প্রচলিত বিধি-বিধান মেনে এবং সততার সাথে আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করে আসছি। চাকরিকালীন সময়ে আমার বিরুদ্ধে কোনো ধরনের দুর্নীতি বা অনিয়মের অভিযোগ প্রমাণিত হয়নি। যথাযথ প্রশাসনিক প্রক্রিয়ার মাধ্যমেই সরকারি নিয়ম মেনে আমার বদলি ও পদায়ন সম্পন্ন হয়েছে।
কোনো প্রকার অবৈধ সিন্ডিকেট, ঠিকাদারি নিয়ন্ত্রণ বা প্রশাসনকে জিম্মি করার মতো কর্মকাণ্ডের সাথে আমার দূরতম কোনো সম্পর্ক নেই।
একটি মহল সম্পূর্ণ ব্যক্তিগত আক্রোশ ও কুচক্রী মহলের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে, কোনো প্রকার তথ্য-প্রমাণ ছাড়াই সম্পূর্ণ অনুমান ও কল্পনার ওপর ভিত্তি করে আমার বিরুদ্ধে এই মানহানিকর অভিযোগ এনেছে। যা আমার দীর্ঘদিনের সততা, পেশাদারিত্ব এবং সামাজিক মর্যাদাকে ক্ষুণ্ণ করার অপচেষ্টা মাত্র।
আমি এই ভিত্তিহীন, অসত্য ও মনগড়া প্রতিবেদনের তীব্র নিন্দা ও জোর প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে সংশ্লিষ্ট সকলকে এই ধরনের বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারে কান না দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি।
ধন্যবাদান্তে,
মো: রফিকুল ইসলাম
উপসহকারী প্রকৌশলী
গাজীপুর জেলা পরিষদ।