জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে রাষ্ট্রীয় সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোতে পুরোনো রাজনৈতিক বলয়ের প্রভাব বিস্তার এবং সাম্প্রতিক কিছু ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্ট সাংস্কৃতিক কর্মী ও সংগঠনের প্রতিনিধিরা।
বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনকে (বিএফডিসি) ঘিরে চলমান বিতর্কের নিরপেক্ষ তদন্তের পাশাপাশি রকশিল্পী ও বিএনপি নেতা আসিফ ইমাম এবং মডেল বিন্দাস সাকিবের ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
সম্প্রতি গণমাধ্যমে পাঠানো এক বিবৃতি ও প্রতিবাদলিপিতে সংশ্লিষ্ট সাংস্কৃতিক কর্মীরা এই দাবি জানান।
বিবৃতিতে অভিযোগ করা হয়, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে দীর্ঘ স্বৈরশাসনের অবসান ঘটলেও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক অঙ্গন এখনো পুরোপুরি দলীয় প্রভাবমুক্ত হয়নি। বিবৃতিদাতারা শহিদুল ইসলাম বাবুল ওরফে শফিকুল আলম বাবুলের রাজনৈতিক পরিচয় ও ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দাবি করেন, বিগত সরকারের আমলের বিভিন্ন সংগঠনের (ভোলা জেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফাউন্ডেশন) সঙ্গে তাঁর সম্পৃক্ততা এবং জুলাই হত্যাকাণ্ডসংক্রান্ত একাধিক মামলার অভিযোগ থাকা সত্ত্বেও তিনি সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোতে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন।
ঘটনাপ্রবাহের বিবরণ দিয়ে সংশ্লিষ্টরা জানান, গত ৩০ অক্টোবর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আসিফ ইমাম ও শহিদুল ইসলাম বাবুলকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়। এরই ধারাবাহিকতায় ১৯ নভেম্বর আদালত প্রাঙ্গণে উত্তেজনা ও মারধরের ঘটনা ঘটে। অভিযোগকারীরা দাবি করেন, ১৯ নভেম্বরের ঘটনার পর সুত্রাপুর থানা পুলিশ শহিদুল ইসলাম বাবুলকে হেফাজতে নিলেও কয়েক ঘণ্টা পর ছেড়ে দেয়; অন্যদিকে রমনা থানার একটি মামলায় আসিফ ইমামকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। এ ছাড়া মডেল ও হিন্দু-মুসলিম পরিষদের কার্যনির্বাহী সদস্য বিন্দাস সাকিবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।
বিবৃতিতে প্রশাসনের কাছে ছয়টি সুনির্দিষ্ট প্রশ্ন ও দাবি তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে—৩০ অক্টোবর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত ঘটে যাওয়া ঘটনাগুলোর পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত, আসিফ ইমাম ও বিন্দাস সাকিবের বিরুদ্ধে দায়ের করা মামলার স্বচ্ছতা যাচাই ও তাঁর আইনি অধিকার নিশ্চিত করতে হবে।
বিবৃতিদাতারা বলেন, "বাংলাদেশ শিল্পকলা একাডেমি কোনো রাজনৈতিক দলের ব্যক্তিগত সম্পত্তি নয়; এটি দেশের শিল্পী, সংস্কৃতিকর্মী ও সাধারণ মানুষের প্রতিষ্ঠান। কোনো নাগরিকের বিরুদ্ধে মামলা থাকলে তার বিচার হবে আইনের ভিত্তিতে, তবে মামলা যেন রাজনৈতিক প্রতিহিংসা বা ব্যক্তিগত বিরোধের হাতিয়ার না হয়।"
অভিযোগের সত্যতা যাচাই করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সাংস্কৃতিক কর্মীদের নিরাপত্তা ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়েছে।
সম্পাদক কর্তৃক আর এস প্রিন্টিং প্রেস, ৯২, আরামবাগ (মার্কেট), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৫/৩ পশ্চিম রামপুরা, ঢাকা। মোবাইল: ০১৮৯৮২৯৪২৭৪। ই-মেইল: mediabuzz30@gmail.com.
২০২৪-২০২৫ দৈনিক মিডিয়া বাজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত